পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ২০ মে উন্মুক্ত ডাক
নেত্রকোনা প্রতিনিধি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কোরবানির পশুর অস্থায়ী হাটগুলোর ইজারা প্রদানের জন্য উন্মুক্ত ডাক (ওপেন ডাক) আগামী ২০ মে অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত ডাক কার্যক্রম অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্ধারিত স্থানে বসা অস্থায়ী পশুর হাটগুলো এ প্রক্রিয়ার মাধ্যমে ইজারা দেওয়া হবে। ইজারা কার্যক্রমে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। পূর্বধলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান বলেন, “সরকারি বিধিবিধান ও পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে পশুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন করা হবে। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করা হবে।” তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর থাকবে।